পূজার ছুটি শেষে ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর আসতে পারে। চলতি সপ্তাহেই তাঁদের গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "৪৩তম বিসিএসের সব কাজ শেষ হয়েছে, পূজার পর গেজেট জারি হতে পারে।"
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত বৃহস্পতিবার সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে, যার ফলে টানা চার দিনের ছুটি পান সরকারি চাকরিজীবীরা। আজ রোববার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে।
৪৩তম বিসিএস থেকে ২,৮০৫ জনকে নিয়োগের সুপারিশ অনেক আগেই করেছিল পিএসসি। তবে, এখনও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত প্রজ্ঞাপন না হওয়ায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা হতাশায় ভুগছেন। দ্রুত প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা। সাধারণত, পিএসসি থেকে প্রার্থীদের তালিকা জনপ্রশাসনে পাঠানোর পর নানা তথ্য যাচাই করা হয় এবং এরপরই চূড়ান্ত নিয়োগের প্রক্রিয়া শুরু হয়।
২০২৩ সালের ২৬ ডিসেম্বর পিএসসি ২,৮০৫ জনের নিয়োগের সুপারিশ করে। এর মধ্যে ২,১৬৩ জনকে ক্যাডার এবং ৬৪২ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। ২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং সেই থেকে প্রায় চার বছর পেরিয়ে গেলেও চূড়ান্ত নিয়োগ কার্যক্রম শেষ হয়নি।
এই বিসিএসে ২,১৬৩ জন ক্যাডার পদের মধ্যে শিক্ষা ক্যাডারে ৮০৩ জন, প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জনসহ অন্যান্য ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে। ২০২১ সালের ২৯ অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষা এবং ২০২২ সালের ২০ জানুয়ারি প্রিলিমিনারির ফলাফল প্রকাশিত হয়, যেখানে ১৫,২২৯ জন উত্তীর্ণ হন। ২০২২ সালের জুলাইয়ে লিখিত পরীক্ষা শুরু হয়ে ২০২৩ সালের ২০ আগস্ট এর ফলাফল প্রকাশিত হয়, যেখানে উত্তীর্ণ হন ৯,৮৪১ জন।
৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কয়েকজন প্রার্থী জানান, চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশের বিলম্বে তাঁদের হতাশা ও ক্ষোভ বেড়েছে। অনেকেই চাকরিতে যোগদান করতে না পেরে মানসিক চাপের মধ্যে আছেন এবং সামাজিকভাবে ব্যঙ্গাত্মক প্রশ্নের মুখোমুখি হচ্ছেন।
0 $type={blogger}: